কাজু চিকেন

 রেসিপি পোস্ট: কাজু চিকেন

মিষ্টি তো অনেক হলো, আজ দিই একটা বেশ রিচ চিকেনের রেসিপি। এর মূল রেসিপি সুপ্রিয়া দেবীর রান্নার বইতে পাওয়া। তবে কিছু কিছু পরিমাপ আমরা নিজেদের মতো করে বদলে নিয়েছি। এই রান্নায় শুধু লেগ পিস হলে ভালো। নাহলে বড় পিস নেবেন। প্রথমেই চিকেন পিসগুলো ভালো করে ধুয়ে, শুধুমাত্র নুন দিয়ে ম্যারিনেট করে ৩০ মিনিট আলাদা রেখে দিন। একটি বড় পাত্র নিয়ে তাতে সাদা তেল গরম করুন। আর চিকেন গুলো ওতে হালকা করে ভেজে নিন ও সরিয়ে রাখুন। এইবার ওই তেলেই পেঁয়াজ হালকা ভেজে বেরেস্তা করে নিন। বেরেস্তা ভাজার সময় নুন দেবেন না। আঁচ বেশি রাখবেন। ভাজা পেঁয়াজটা একটা বড় থালা/প্লেটে টিস্যু পেপারের ওপর ছড়িয়ে রাখুন। আরেকটি বাটিতে দই নিন এবং ওর মধ্যে লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, সামান্য চিনি ও স্বাদমত নুন নিয়ে ভালো করে মিশিয়ে নিন। এইবার চিকেন ও পেঁয়াজ ভাজার পাত্রেই তেলের মধ্যে একটা বড় এলাচ গুঁড়ো করে দিন, সামান্য নেড়ে নিন এবং দইয়ের মিশ্রণটা ওতে ঢেলে ভালো করে কষতে থাকুন। মশলা থেকে তেল ছাড়লে মুরগির ভাজা লেগপিস গুলো ও ভাজা পেঁয়াজ দিয়ে দিন এবং ভালো করে মিশিয়ে নিন পুরোটা। সামান্য কিছুটা ভাজা পেঁয়াজ রেখে দেবেন, পরে পরিবেশনের সময় কাজে লাগবে। পাত্রটি এইবার ঢাকা দিয়ে একদম কম ফ্লেমে কিছুক্ষন রান্না করুন, চিকেনের পিসগুলো সেদ্ধ হয়ে যায় যাতে এরপর একটু কাজুবাটা ওরমধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিন এবং আরো 2-3 মিনিট রান্নাটা নাড়তে থাকুন। শেষে ওর মধ্যে এক চামচ ক্রিম ও কেওড়া জল দিয়ে নেড়ে নিতে হবে। তাহলেই কাজু চিকেন রেডি একদম। পরিবেশন করার সময় ওপরে ক্রিম আর ভাজা পেঁয়াজ ছড়িয়ে দিন এবং ডিম সেদ্ধ গুলো চিকেনের ওপরে সাজিয়ে দিন। নান, পরোটা বা পোলাওয়ের সাথে পরিবেশন করুন।কেউ বানালে জানাবেন কেমন লাগলো।
আমাদের সহজ চিকেন চাপের রেসিপিও কমেন্টে রইলো।

Comments

Popular posts from this blog

ক্র্যাব অ্যান্ড শ্রিম্প স্টাফড সালমন🔸🔸

মিল্ক আইসক্রিম