শীতের রাতে হেলদি ডিনার চিকেন-ওটস হালিম
উপকরণ
ওটস ১ কাপ
মসুর ডাল ২ টেবিল চামচ
মুগ ডাল ২ টেবিল চামচ
মুরগির মাংস হাড়সহ ছোট করে কাটা ২ কাপ
মিহি কুচি করা বড় পেঁয়াজ ২টি
হলুদ দেড় চা-চামচ
মরিচগুঁড়া ১ চা-চামচ
জিরাগুঁড়া ১ চা-চামচ
আদাবাটা ১ টেবিল চামচ
রসুনবাটা ১ চা-চামচ
গরম মসলাগুঁড়া (বড় ও ছোট এলাচ, দারুচিনি, গোলমরিচ, তেজপাতা, লবঙ্গ কাঁচা অবস্থায় গুঁড়া করা) ১ চা–চামচ
পাঁচফোড়নগুঁড়া আধা চা-চামচ
আদাকুচি ১ টেবিল চামচ
কাঁচা মরিচ ৬-৭টি
কাঁচা মরিচকুচি ১ চা-চামচ
পুদিনাপাতাকুচি ১ টেবিল চামচ
লেবু ১টি
প্রণালি
৩ কাপ গরম পানিতে ওটস ভিজিয়ে রাখতে হবে।
মসুর ডাল আর মুগ ডাল ধুয়ে ভালোভাবে সেদ্ধ করে নরম করে নিতে হবে। এই সেদ্ধ ডালের সঙ্গে ভেজানো ওটস মিশিয়ে রাখতে হবে।
এবার একটি হাঁড়িতে তেল গরম করে ১ টেবিল চামচ পেঁয়াজকুচি সোনালি করে ভেজে তাতে হলুদ, মরিচ, আদা, রসুন, লবণ দিয়ে কষিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করে নিতে হবে।
হয়ে এলে এতে সেদ্ধ ডাল ও ওটের মিশ্রণ দিয়ে ভালোভাবে নেড়ে প্রয়োজনমতো ফুটন্ত পানি ও লবণ দিতে হবে। এবার এতে ৬-৭টি কাঁচা মরিচ দিতে হবে।
ফুটে পানি কমে এলে জিরাগুঁড়া, পাঁচফোড়নগুঁড়া ও গরম মসলাগুঁড়া দিতে হবে। ওটস দেওয়ায় আঠালো ঘন টেক্সচার হবে।
এবার আরেকটি কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ বেরেস্তা করে কিছু তুলে রাখতে হবে। আর বাকি বেরেস্তা করা পেঁয়াজ তেলসহ হালিমে ঢেলে বাগার দিতে হবে।
পরিবেশন পাত্রে ঢেলে ওপরে বেরেস্তা করা পেঁয়াজ, আদাকুচি, পুদিনাপাতাকুচি আর লেবুর রস ছড়িয়ে গরম–গরম পরিবেশন করতে হবে।
রন্ধনশিল্পী: একজন প্রশিক্ষিত শেফ ও সাইদা’স কিচেনের স্বত্বাধিকারী
ছবি: সাইফুল ইসলাম


Comments
Post a Comment