ইন্দোনেশিয়ান চিকেন স্যুপ (সোতো আয়াম)

 রেসিপি: ইন্দোনেশিয়ান চিকেন স্যুপ (সোতো আয়াম)

ইন্দোনেশিয়ার জনপ্রিয় খাবারগুলির মধ্যে ‘সোতো আয়াম’ বা ইন্দোনেশিয়ান চিকেন স্যুপ অন্যতম। মুরগি, সুগন্ধি মসলা এবং নুডলসের সমন্বয়ে তৈরি এই স্যুপটি পুষ্টিকর ও সুস্বাদু।
ইন্দোনেশিয়ার প্রতিটি অঞ্চলে ভিন্ন ভিন্ন স্বাদে তৈরি হয় এই স্যুপ। তবে মূল উপাদানগুলি মোটামুটি একই থাকে। শীতকালে বা বৃষ্টির দিনের জন্য স্যুপটি আদর্শ। সহজলভ্য উপাদান দিয়ে খাবারটি তৈরি হয়। তাই আপনিও ঘরে বসে যে কোনোদিন এই অসাধারণ ইন্দোনেশিয়ান স্বাদ উপভোগ করতে পারেন।
.
# যা যা লাগবে
৪ থেকে ৬ জনের জন্য যে উপকরণ লাগবে:
• পেঁয়াজ: ১ কাপ (৩টি মাঝারি পেঁয়াজ, কুচি করা)
• আদা: ১/৪ কাপ (খোসা ছাড়ানো ও কুচি করা)
• হলুদ: ১/৪ কাপ (খোসা ছাড়ানো ও কুচি করা)
• রসুন: ১২টি কোয়া
• কাজু বাদাম: ৮টি
• ভেজিটেবল তেল বা সাধারণ রান্নার তেল: ১/২ কাপ, ভাগ করে রাখা
• লেমন জেস্ট (লেবুর বাইরের হলুদ অংশ): ১টি লেবুর
• কাগজি লেবুর রস: ১/৪ কাপ
• লবণ: ১ টেবিল চামচ
• ব্রাউন সুগার: ১ টেবিল চামচ
• ধনে গুঁড়া: ২ চা চামচ
• জিরা গুঁড়া: ২ চা চামচ
• সাদা গোলমরিচ গুঁড়া: ১ চা চামচ
• মুরগি: ২ কেজি, টুকরা করে নেওয়া
• শুষ্ক ভেরমিচেলি নুডলস: ৫০০ গ্রাম
• সেদ্ধ ডিম: ৪টি, অর্ধেক করে কেটে নেওয়া
• টমেটো: ১টি, চার টুকরো করে নেওয়া
• লেবু: ১টি, চার টুকরো করে নেওয়া
• ধনেপাতা: ১/৪ কাপ, কুচি করে কাটা
• বেরেস্তা বা ভাজা পেঁয়াজ কুচি: ১/৪ কাপ
• পেঁয়াজ কলি: ১/৪ কাপ, পাতলা করে কাটা
.
# যেভাবে তৈরি করবেন
১. ছোট ফুড প্রসেসরে পেঁয়াজ, আদা, হলুদ, রসুন, কাজু বাদাম এবং ১/৩ কাপ পানি দিয়ে মিহি পেস্ট তৈরি করুন।
২. একটি বড় পাত্রে মাঝারি-উচ্চ আঁচে ১/৪ কাপ তেল গরম করুন। পেস্টটি ঢেলে দিয়ে নাড়তে থাকুন। পাত্রে লেগে যেতে শুরু করলে আঁচ কমিয়ে দিন। পেস্ট হালকা সোনালি রঙ ধারণ করলে এবং পানি শুকিয়ে গেলে, প্রায় ৮-১০ মিনিট পর নামিয়ে নিন।
৩. একই পাত্রে ধনে গুঁড়া, জিরা গুঁড়া, লেমন জেস্ট, কাগজি লেবুর রস, লবণ, ব্রাউন সুগার ও সাদা গোলমরিচ গুঁড়া দিয়ে ভালভাবে নাড়ুন, যাতে মসলা একসঙ্গে মিশে যায়। এরপর মুরগির টুকরা দিয়ে, ৯ কাপ পানি যোগ করুন। পানি ও মসলাসহ মুরগির মিশ্রণটি প্রথমে উচ্চ তাপে ফুটিয়ে নিন। পানি যখন ফুটতে শুরু করবে, আঁচ কমিয়ে মাঝারি থেকে নিম্ন তাপে রেখে প্রায় ১ ঘণ্টা রান্না করুন।
দীর্ঘ সময় অল্প আঁচে রান্না করার কারণ, এতে মুরগি সম্পূর্ণ সেদ্ধ হবে এবং মসলা মুরগির মাংসের সাথে মিশে গিয়ে স্যুপের স্বাদ বাড়িয়ে তুলবে।
৪. আরেকটি বড় পাত্রে নুডলস নিয়ে প্যাকেটের নির্দেশনা অনুযায়ী সেদ্ধ করে নিন।
৫. মুরগি রান্না হয়ে গেলে, টুকরাগুলিকে তুলে অন্য একটি পাত্রে রাখুন এবং কিছুক্ষণ ঠাণ্ডা হতে দিন। এরপর লেমন জেস্ট ও অন্যান্য মসলা স্যুপ থেকে ফেলে দিন, কারণ এগুলি শুধু স্বাদ তৈরির জন্য ব্যবহার করা হয়েছে, খাওয়ার জন্য নয়। মাংস ঠাণ্ডা হলে আরো ছোট ছোট টুকরা করে কেটে বা ছিঁড়ে নিন।
৬. এবার একটি বড় প্যানে বা কড়াইতে মাঝারি-উচ্চ আঁচে বাকি ১/৪ কাপ তেল গরম করুন। মুরগি দিয়ে প্রায় ৫ মিনিট নাড়াচাড়া করুন, যতক্ষণ না মাংস সোনালি রঙ ধারণ করে।
৭. খাওয়ার আগে নুডলস বাটিতে নিয়ে নিন। এরপর মুরগির মাংস ও স্যুপ ঢেলে তার ওপর ডিম, টমেটো, টুকরা করে নেওয়া লেবু, ধনেপাতা, ভাজা পেঁয়াজ কুচি এবং পেঁয়াজ কলি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন। অনেকে এতে নিজের পছন্দমত টপিংও (বিন স্প্রাউট, মরিচকুচি) অ্যাড করে নেয়।
.
মুরগি ও মসলা ব্যবহার করা হয়েছে এমন স্যুপ সাধারণত রেফ্রিজারেটরে ৩ থেকে ৪ দিন পর্যন্ত ঠিকমত থাকে। সংরক্ষণের সময় স্যুপ ঢেকে রাখুন, যাতে অন্য খাবারের গন্ধ না ধরে। খাওয়ার আগে সেটি গরম করে নিন।

Comments

Popular posts from this blog

ক্র্যাব অ্যান্ড শ্রিম্প স্টাফড সালমন🔸🔸

মিল্ক আইসক্রিম